জয়া বচ্চনের এক পুরনো ডাকে রেগে গিয়েছিলেন হরিবংশ রাই, অমিতাভের চাঞ্চল্যকর প্রকাশ – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিপাড়ার অন্যতম আইকন জুটি অমিতাভ ও জয়া বচ্চনের ব্যক্তিগত জীবন এবং রসায়ন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-র সেটে রামায়ণ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর কাপুর, রবি দুবে এবং সাই পল্লবী। সেখানেই আলাপচারিতার মাঝে বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতার প্রসঙ্গটি উঠে আসে। রণবীরদের সামনেই জয়া বচ্চনের পুরনো একটি অভ্যাসের কথা শেয়ার করেন বিগ বি। অমিতাভ জানান, বিয়ের পর দীর্ঘ একটা সময় ধরে জয়া তাঁকে ভালোবেসে লম্বুজি বলেই ডাকতেন।
কিন্তু এই বিষয়টি নিয়ে ঘোর আপত্তি ছিল অমিতাভের বাবা, কবি হরিবংশ রাই বচ্চনের। একদিন পুত্রবধূ জয়াকে স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন, দেখো, ওকে এভাবে লম্বুজি বলে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনও উপযুক্ত সম্মানসূচক নাম ব্যবহার করো। শ্বশুরের সেই বারণের পরেই নাকি জয়া তাঁকে নাম ধরেই ডাকা শুরু করেন। সেটে এই মজার গল্প শুনে হাসির রোল ওঠে। আর এই কথায় যোগ দেন রণবীর কাপুরও। অমিতাভ ও জয়ার উচ্চতার দূরত্বের সঙ্গে নিজের ও আলিয়া ভাটের উচ্চতার তুলনা টেনে রণবীর মজার ছলে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন।
