পার্টি অফিসের আলমারিতে ব্যাগে ভর্তি নোটের পাহাড়! অভিষেকের আপ্তসহায়কের তথ্যে মিলল ১ কোটিরও বেশি নগদ – এবেলা

পার্টি অফিসের আলমারিতে ব্যাগে ভর্তি নোটের পাহাড়! অভিষেকের আপ্তসহায়কের তথ্যে মিলল ১ কোটিরও বেশি নগদ – এবেলা

এবেলা ডেস্কঃ

জমি দুর্নীতি ও মাটি চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করতেই সামনে এল বিস্ফোরক তথ্য। কালিতলা আশুতি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সুমিত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারীরা। সেখান থেকে পাওয়া সূত্রের ওপর ভিত্তি করে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার সরিষায় স্থানীয় একটি তৃণমূল পার্টি অফিসে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় কার্যালয়ের ভেতরের একটি আলমারিতে সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে সেটি খুলতেই চোখ কপালে ওঠে আধিকারিকদের।

উদ্ধার হওয়া ওই ব্যাগ থেকে থরে থরে সাজানো নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। খোদ দলের শীর্ষনেতার খাসতালুকে রাজনৈতিক কার্যালয় থেকে এভাবে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানান, পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের তথ্যের ভিত্তিতেই এই সাফল্য মিলেছে। তবে আলমারিতে রেখে দেওয়া বান্ডিল বান্ডিল এই বিপুল অঙ্কের নগদ টাকার আসল উৎস কী এবং তা কী উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে সুমিত রায়কে পুনরায় জেরা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *