পথের কুকুরের সুরক্ষা নিশ্চিত করতে ডগ ফিডারদের তালিকা করছে হাওড়া পুরসভা!

পথের কুকুরের সুরক্ষা নিশ্চিত করতে ডগ ফিডারদের তালিকা করছে হাওড়া পুরসভা!

 

পথকুকুরদের ‘ডগ ফিডারদের’ পরিচয়পত্র দেবে হাওড়া পুরসভা, শুরু নতুন উদ্যোগ

হাওড়া: পথকুকুরদের খাওয়ানো নিয়ে স্থানীয় স্তরে বিবাদ নিরসন এবং প্রাণীদের সুব্যবস্থায় বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার হাওড়া পুরসভার এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে পথকুকুরদের নিয়মিত খাবার সরবরাহকারী ‘ডগ ফিডারদের’ নাম নথিভুক্ত করে তাঁদের পরিচয়পত্র প্রদান করবে পুরসভা।

মন্ত্রী জানান, প্রতিটি ওয়ার্ড অনুযায়ী ডগ ফিডারদের নামের তালিকা তৈরি করে তা স্থানীয় থানায় পাঠানো হবে। এর ফলে কুকুরদের খাওয়ানো নিয়ে কোনো সমস্যা তৈরি হলে ডগ ফিডাররা প্রশাসন ও পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন। আপাতত হাওড়া দিয়ে এই প্রকল্পের সূচনা হলেও, ভবিষ্যতে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও এটি কার্যকর করা হবে।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের প্রতিটি ওয়ার্ডে পথকুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হবে। সেখানে বাটি রাখা থাকবে, যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো অসুবিধা না হয়। ডগ ফিডারদের নাম রেজিস্ট্রেশনের জন্য পুরনিগমে একজন নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই হাওড়ার শরৎ সদন এলাকায় পরীক্ষামূলকভাবে একটি ‘ফিডিং সেন্টার’ চালু হয়েছে।

পশুচিকিৎসার পরিকাঠামো উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, হাওড়ায় একটি উন্নতমানের পশু হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে ছোট-বড় সব ধরনের প্রাণীর আধুনিক অস্ত্রোপচার ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। এছাড়া পোষ্যদের জন্য অ্যাম্বুল্যান্স ও ক্রিমেটোরিয়াম তৈরির ঘোষণাও দেন তিনি।

শুধুমাত্র কুকুর-বিড়াল নয়, শহরের পাখিদের সুরক্ষাতেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। শহরের গাছে মাটির হাঁড়িতে জল ও খাবার রাখার ব্যবস্থা করা হবে, যাতে চড়ুই, কাক, পায়রার মতো পরিচিত পাখিরা বিলুপ্ত না হয়ে যায়। গাছ সংরক্ষণ ও নির্বিচারে গাছ কাটা বন্ধ করার ওপরও সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *