বন্ধুর ফোনে ফাঁস গোপন কথা! হরিদেবপুরে প্রমোটারকে খুনের চেষ্টায় গ্রেফতার ১

এবেলা ডেস্কঃ
ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ঘনিষ্ঠ বন্ধু
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় এক প্রমোটার ও নির্মাণ সামগ্রী ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী প্রদীপবাবুরই ঘনিষ্ঠ বন্ধু গোপালকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় প্রদীপবাবুর খোঁজে বের হন পরিজনেরা। রাত ১২টা নাগাদ দোকানের ভেতরে তাঁকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পেটে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তদন্তে নেমে পুলিশ প্রদীপবাবুর বন্ধু গোপালকে গ্রেফতার করেছে। পরিবারের অভিযোগ, ঘটনার সময় গোপাল প্রদীপের সঙ্গেই ছিলেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। যদিও অভিযুক্তের দাবি, তিনিই এক প্রতিবেশীকে ফোন করে প্রদীপবাবুকে মারধরের কথা জানিয়েছিলেন।
বুধবার অভিযুক্তকে আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো বিবাদ, তা নিশ্চিত হতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
