রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন! খুলনায় তীব্র ধিক্কার।

এবেলা ডেস্কঃ
খুলনা রেলস্টেশনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন: বিতর্কিত পোস্টার ঘিরে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা রেলস্টেশনের সীমানা দেওয়ালে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন ও আপত্তিকর পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটা এই ন্যাক্কারজনক ঘটনায় সাংস্কৃতিক অঙ্গন ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের ওই সীমানা প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এস এম সুলতানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি রয়েছে। তবে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে কেবল রবীন্দ্রনাথের প্রতিকৃতিটিকেই লক্ষ্যবস্তু করেছে। কবির ছবির ওপর কালি লেপে দেওয়ার পাশাপাশি দুপাশে দুটি উসকানিমূলক পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে। পোস্টারগুলোতে রবীন্দ্রনাথের ‘শিবাজী উৎসব’ কবিতার সমালোচনা করে বিদ্বেষমূলক বক্তব্য লেখা রয়েছে।
ঘটনার পরপরই প্রতিকৃতিটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল শিল্পী রেজাউল করিম জানান, কালি লেপে দেওয়া অংশটি মুছে নতুন করে রং করা হচ্ছে। পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে খুলনা পুলিশ এবং স্থানীয় বিএনপি সংশ্লিষ্ট সংগঠনের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এই ঘটনাকে ‘চরম হিংস্রতা ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “বিশ্ববরেণ্য কবিকে অপমান করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথকে এভাবে অস্বীকার করার সুযোগ নেই।”
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালেও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে একইভাবে চুনকালি লেপনের চেষ্টা চালানো হয়েছিল। সেই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছিল প্রশাসন। একের পর এক এই ধরনের ঘটনায় দেশের সুশীল সমাজ ও রবীন্দ্র অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
