সরকারি প্রকল্পে বাংলা বাধ্যতামূলক, নবান্নের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী!

সরকারি প্রকল্পে বাংলা বাধ্যতামূলক, নবান্নের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী!

এবেলা ডেস্কঃ

 

সরকারি প্রকল্পে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল রাজ্য, ৩০ নভেম্বরের মধ্যে নির্দেশ পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের উন্নয়নমূলক কাজের তথ্য সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য ও স্বচ্ছ করতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এখন থেকে সরকারি প্রকল্পের তথ্য বোর্ড ও বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল যে, বিভিন্ন জেলায় পঞ্চায়েত বা পুরসভা স্তরের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যে বোর্ডগুলো লাগানো হয়, তাতে তথ্যের ভাষা মূলত ইংরেজি। ১০০ দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশন কিংবা কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্পের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। ফলে গ্রামের কিংবা শহরের সাধারণ মানুষ প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছেন না। বিশেষ করে প্রকল্পের প্রকৃতি, বরাদ্দ বাজেট এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থা কারা—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণার অভাব দেখা দিচ্ছে।

জনগণের কাছে সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবং তথ্যের অধিকার সুনিশ্চিত করতেই এই কড়া অবস্থান গ্রহণ করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রকল্পের কাজের জায়গায় লাগানো যেকোনো সূচনা বোর্ড, দিকনির্দেশক সাইনবোর্ড, কাজের বিবরণী হোর্ডিং এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তিতে আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দিতে হবে।

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যের সমতল অঞ্চলে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। অন্যদিকে, পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পং-এর ক্ষেত্রে নেপালি ও বাংলা উভয় ভাষাতেই তথ্য প্রদর্শন করতে হবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই নির্দেশ কার্যকর করে নবান্নে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নিয়ম কার্যকর করা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও প্রশাসনিক মহলে জল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *