সরকারি প্রকল্পে বাংলা ব্যবহার বাধ্যতামূলক, বড় ঘোষণা নবান্নের!

এবেলা ডেস্কঃ
সরকারি প্রকল্পে আঞ্চলিক ভাষার ব্যবহার বাধ্যতামূলক, ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ নবান্নের
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির তথ্য সাধারণ মানুষের কাছে আরও স্বচ্ছ ও বোধগম্য করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে সরকারি প্রকল্পের কাজের জায়গায় টাঙানো সমস্ত বোর্ড, হোর্ডিং এবং বিজ্ঞপ্তিতে আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই নিয়ম সমগ্র রাজ্যে কার্যকর করতে হবে।
নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে রাজ্য প্রশাসনের নজরে এসেছে যে, বিভিন্ন জেলায় পঞ্চায়েত ও পুরসভা স্তরের উন্নয়নমূলক প্রকল্পের সাইনবোর্ডগুলিতে মূলত ইংরেজি ভাষার ব্যবহার বেশি। এর ফলে ১০০ দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশন কিংবা কেন্দ্রীয় ও রাজ্য যৌথ প্রকল্পের বাজেট, কাজের প্রকৃতি এবং কার্যকারী সংস্থা সম্পর্কে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই অন্ধকারে থাকছেন। প্রকল্পের খুঁটিনাটি বুঝতে গিয়ে স্থানীয়দের অসুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, সরকারি প্রকল্পের কাজের জায়গায় টাঙানো সূচনা বোর্ড, দিকনির্দেশক সাইনবোর্ড, কাজের বিবরণী হোর্ডিং এবং সাধারণের উদ্দেশ্যে জারি করা সমস্ত বিজ্ঞপ্তিতে আঞ্চলিক ভাষায় তথ্য দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে রাজ্যের সমতল অঞ্চলগুলিতে বাংলা ভাষায় তথ্য প্রদান করতে হবে। অন্যদিকে, পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পং-এ নেপালি ও বাংলা—উভয় ভাষাতেই তথ্য তুলে ধরতে হবে।
জনগণের তথ্যের অধিকার সুনিশ্চিত করতে এবং সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত জেলা প্রশাসনকে এই নির্দেশ কার্যকর করে নবান্নে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
