স্বর্গে পাঠানোর নামে ১৯০ শিশুকে হত্যা! ভণ্ড ধর্মগুরুর নৃশংসতায় স্তব্ধ বিশ্ব

এবেলা ডেস্কঃ
শাকাহোলা বনের নৃশংস গণহত্যা: ভণ্ড ধর্মগুরু পল ম্যাকেঞ্জির ২০০ বছরের কারাদণ্ড
মোম্বাসা, কেনিয়া: কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। ১৯০ জন শিশুসহ ১৯১ জনকে নৃশংসভাবে অনাহারে রেখে হত্যার দায়ে গত শুক্রবার (৬ নভেম্বর) আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে অনাহারে আত্মহত্যার প্ররোচনা ও হত্যার জন্য ১০০ বছর এবং সরাসরি খুনের ঘটনায় আরও ১০০ বছর—সব মিলিয়ে মোট ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর দুই সপ্তাহ আগেই তাঁকে এই হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তথ্যমতে, পল ম্যাকেঞ্জি ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে একটি চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী গড়ে তুলেছিলেন। অনুসারীদের মগজধোলাই করে তিনি প্রচার করতেন, পৃথিবী ধ্বংসের আগেই নিজেদের ও সন্তানদের অনাহারে রেখে মৃত্যুবরণ করলে সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব। যারা এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানাতো, তাদের ওপর চালানো হতো শারীরিক নির্যাতন ও ভয়ভীতি।
২০২৩ সালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে। এরপর দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনের গহীনে তল্লাশি চালিয়ে অগভীর গণকবর ও শৌচাগারের গর্ত থেকে চার শতাধিক মানুষের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, অনেককে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের মধ্যে মাত্র ২৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া বনাঞ্চলে আরও দুই শতাধিক মানুষের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আদালতে পল ম্যাকেঞ্জি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে বিচারক সেই সাফাই খারিজ করে দেন। তদন্তে আরও জানা যায়, ২০১৯ সালে স্থানীয় প্রশাসন ম্যাকেঞ্জির চার্চটি বন্ধ করে দিলে সে শাকাহোলা বনে আস্তানা গড়ে তোলে। সেখানে সে স্কুল ও হাসপাতালকে ‘শয়তানের প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে অনুসারীদের সন্তানদের স্কুলে পাঠানো এবং অসুস্থদের চিকিৎসা নিতে কঠোরভাবে নিষিদ্ধ করেছিল।
কেনিয়ার ইতিহাসে এই ঘটনা অন্যতম এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে ম্যাকেঞ্জির বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ আরও একাধিক গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, কারাগারে বন্দি থেকেও সে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের পর কেনিয়া জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি ও আইন প্রণয়নের দাবি জোরালো হয়েছে।
