রাজ্যের স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, চমকে দিল শিক্ষা দপ্তর!

রাজ্যের স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, চমকে দিল শিক্ষা দপ্তর!

এবেলা ডেস্কঃ

 

রাজ্যের জেলা স্তরের স্কুলগুলিতেও মিড-ডে মিলের দায়িত্ব পেতে চলেছে ইসকন

কলকাতা: কলকাতার সরকারি স্কুলগুলিতে সাফল্যের পর এবার রাজ্যের জেলা স্তরের স্কুলগুলিতেও মিড-ডে মিল সরবরাহের উদ্যোগ নিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে ধাপে ধাপে রাজ্যের প্রতিটি জেলার স্কুলগুলিতে মিড-ডে মিল রান্না ও বিতরণের কাজ শুরু করা হবে।

ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক (DM), শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-র (GTA) শিক্ষা বিভাগের এগ্‌জিকিউটিভ ডিরেক্টরের কাছে এই মর্মে সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই প্রক্রিয়াটি একসঙ্গে সমস্ত স্কুলে শুরু না করে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, সেন্ট্রাল কিচেন বা কেন্দ্রীয় রান্নাঘর স্থাপনের জন্য দ্রুত উপযুক্ত জমি ও স্থান নির্বাচন করতে হবে। পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে ফাউন্ডেশনকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট স্কুলগুলির অবস্থান এবং ছাত্রছাত্রী ভর্তির হালনাগাদ তথ্য ফাউন্ডেশনের সঙ্গে আদান-প্রদান করতে বলা হয়েছে। ফাউন্ডেশনের প্রস্তুতিপর্ব শেষ হলে চূড়ান্ত ‘লেটার অফ অথরিটি’ প্রদান করা হবে।

উল্লেখ্য, বর্তমানে কলকাতা পুরসভা এলাকার বিদ্যালয়গুলিতে সেন্ট্রাল কিচেনের মাধ্যমে খাবার সরবরাহ করছে ইসকন। ফাউন্ডেশনের দাবি, খাবারের গুণগত মান ও পুষ্টিমূল্য নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। অতীতে হাওড়া ও পুরুলিয়ায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড-ডে মিল দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করা হয়েছিল। তবে এবারের এই নতুন নির্দেশিকার ফলে রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাদ্য প্রাপ্তির বিষয়টি এক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *