বক্সা থেকে ফের চম্পট বাঘিনীর, বনদফতরে শোরগোল!

বক্সা থেকে ফের চম্পট বাঘিনীর, বনদফতরে শোরগোল!

এবেলা ডেস্কঃ

 

বক্সা এনক্লোজার থেকে সুড়ঙ্গ খুঁড়ে ফের উধাও বাঘিনি, দিশেহারা বনদপ্তর

আলিপুরদুয়ার: সিসিটিভি ক্যামেরা ও বনকর্মীদের কড়া নজরদারি উপেক্ষা করে সুড়ঙ্গ খুঁড়ে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজার থেকে ফের উধাও হয়ে গেল তিন বছর বয়সী এক বাঘিনি। রবিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত ও দিশেহারা বনদপ্তর।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার আসামের রায়মোনা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকা থেকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বাঘিনিটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে আলিপুরদুয়ারের বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে রবিবার দুপুরে ফের সে সেখান থেকে পালিয়ে যায়।

বনকর্তাদের প্রাথমিক অনুমান, এনক্লোজারের চারপাশে থাকা প্রায় দুই ফুট চওড়া ও চার ফুট গভীর কংক্রিটের দেওয়ালের নীচের মাটি নখ দিয়ে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে বাঘিনিটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্য কোনো বাঘের এভাবে এনক্লোজার ভেঙে পালানোর ঘটনা অত্যন্ত বিরল। এনক্লোজারে পর্যাপ্ত খাবার ও জলের জোগান থাকা সত্ত্বেও তার এই আচরণের কারণ বুঝে উঠতে পারছেন না বনকর্মীরা।

রবিবার বেলা দেড়টার পর থেকে ২৫ মাইল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে বাঘিনিটি পূর্ব দিকে অগ্রসর হয়। সে ইতিমধ্যে বালা নদী ও ২৭ মাইল বস্তি এলাকা অতিক্রম করেছে। বনকর্তাদের ধারণা, আসামের জঙ্গলে থাকার সময় অন্য কোনো বাঘের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল, সেই গন্ধ বা ‘সেন্ট মার্ক’ অনুসরণ করেই সে পুনরায় আসামমুখী হয়েছে।

বাঘিনিটির গতিবিধি ট্র্যাক করার জন্য তার গলায় হাই-ফ্রিকোয়েন্সি রেডিয়ো কলার লাগানো ছিল। এই সংকেত ধরে ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী এবং তিনটি কুনকি হাতি—ভরত, সারথি ও ভিট্টালাকে তল্লাশিতে নামানো হয়। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, ২৭ মাইল বনবস্তির পর থেকে তার কোনো হদিশ মিলছে না। বনদপ্তরের অনুমান, বাঘিনিটি সম্ভবত এমন কোনো ‘শ্যাডো জোন’-এ পৌঁছেছে, যেখানে গ্রাউন্ড ট্র্যাকিং বা স্যাটেলাইট নিয়ন্ত্রিত রেডিয়ো কলারের প্রযুক্তি কাজ করছে না।

বাঘিনিটি যদি সঙ্কোশ নদী পার করে রায়মোনার জঙ্গলে প্রবেশ করে, তবে তাকে পুনরায় উদ্ধার করা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বনদপ্তর। এই ঘটনায় বনমহলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এক বনকর্তা জানান, পরিস্থিতির আকস্মিকতায় তারা হতবাক এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *