নৈহাটির বড়মায় ৫৫ হাজার ভক্তের ঢল, বারাসতে জনসমুদ্র!

এবেলা ডেস্কঃ
নৈহাটি ও বারাসতে কালীপুজোর ভিড়, নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই রাজনৈতিক উত্তাপ
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কালীপুজোর রেশ কাটতে না কাটতেই সোমবার নৈহাটি ও বারাসতের জনস্রোত ছিল চোখে পড়ার মতো। তবে উৎসবের আমেজের পাশাপাশি দুই এলাকাতেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা এবং রাজনৈতিক উত্তাপের আবহ।
নৈহাটির বড় মা মন্দিরে রাত দু’টো থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত চলে অঞ্জলি পর্ব। গত তিনদিনে লক্ষাধিক মানুষ দণ্ডি কেটেছেন। পুজো উপলক্ষে দুই হাজার কেজি ভোগ বিতরণ করা হয়েছে। চোরবাগানের ঘটনার প্রেক্ষিতে এদিন নৈহাটিজুড়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রায় দু’হাজার পুলিশকর্মী মোতায়েন করার পাশাপাশি বসানো হয়েছিল ২৮টি লকগেট। ব্যস্ত আর বি সি রোডে দুপুরের পর থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
পুলিশি ‘বাড়াবাড়ি’র অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় নৈহাটির গোপাল স্মৃতি সংঘের উদ্যোক্তারা প্রতিবাদের পথ বেছে নেন। ক্লাবের তরফে জানানো হয়, পুলিশি কড়াকড়িতে দর্শক মণ্ডপে পৌঁছাতে পারছেন না। এর প্রতিবাদে কিছুক্ষণের জন্য মণ্ডপের আলো নিভিয়ে রাখা হয়। অন্যদিকে, নৈহাটির রাজনৈতিক সমীকরণেও বড় বদল লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে এ বছর তৃণমূল নেতাদের পরিবর্তে পুজো প্রাঙ্গণে বিজেপির নেতাদের আধিপত্য দেখা গেছে। মন্দিরের প্রধান পুরোহিত লালটু চক্রবর্তীও এ বছর অনুপস্থিত ছিলেন। এছাড়া, রবিবার রাতে নৈহাটিতে সিপিএমের কয়েকটি স্টল ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে, বারাসতে সোমবার বিকেল থেকেই দর্শনার্থীদের ঢল নামে। ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিগ বাজেট পুজো মণ্ডপগুলিতে ভিড় সামলাতে তৎপর ছিল পুলিশ। বিশেষত শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের ‘অতল অনন্তম’ মণ্ডপ দেখতে দর্শকদের ভিড় ছিল নজরকাড়া। ভিড় নিয়ন্ত্রণে ডাকবাংলো, চাঁপাডালি, হেলাবটতলা ও কলোনি মোড়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। কলোনি মোড়ে নজরদারির জন্য তৈরি করা হয় উঁচু মঞ্চ।
বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও মণ্ডপ চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। ক্লান্তি আর ভিড়ের চাপ উপেক্ষা করেও আপামর মানুষ উৎসবের আনন্দে শামিল হয়েছেন। প্রশাসনিক কড়াকড়ি এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও উভয় এলাকাতেই পুজোর রেশ বজায় রয়েছে।
