বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাট, সাইবার হামলার সম্ভাবনা খারিজ সংস্থার

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের জেরে বিশ্বজুড়ে চরম ভোগান্তির শিকার হন ব্যবহারকারীরা। ডাউনডিকেক্টরের তথ্য অনুযায়ী, এই প্রযুক্তিগত সমস্যার প্রভাব মোট ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। মাত্র এক ঘণ্টার মধ্যে হাজার হাজার ব্যবহারকারী ইমেল পরিষেবা ব্যবহার করতে না পারার অভিযোগ জানান। অনেকে নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে ব্যর্থ হন, আবার অনেকের ক্ষেত্রে ইমেল পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।
শুক্রবার মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ট্র্যাফিক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে, যার ফলে ইমেল সংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই কমে এসেছে। তবে কিছু ব্যবহারকারী এখনও বিচ্ছিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে সংস্থাটি স্বীকার করেছে।
এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার হাত রয়েছে কি না, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে মাইক্রোসফট স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধের যোগ নেই। সংস্থার শীর্ষ আধিকারিকরা নিশ্চিত করেছেন যে এটি কোনো ম্যালিশিয়াস বা হ্যাকিংয়ের ঘটনা নয়।
বর্তমানে মাইক্রোসফট এই বিভ্রাটের মূল কারণ খতিয়ে দেখছে। বিশ্বজুড়ে সমস্ত ব্যবহারকারীর জন্য পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
