তেলঙ্গানায় ১৭ বছর বয়সী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের মৃত্যু, হেনস্থার অভিযোগ পরিবারের

তেলঙ্গানার বিকারাবাদ জেলার বাসিন্দা ১৭ বছর বয়সী এক তরুণী ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত নন্দিনী অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন এবং নিজের ক্রিকেট ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছিলেন। বিকারাবাদের মধু কলোনিতে দিদার বাড়িতে থেকে তিনি পড়াশোনা ও ক্রিকেট অনুশীলন করতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের অভিযোগ, অনিল ও কৃষ্ণা নামে দুই যুবক দীর্ঘদিন ধরে নন্দিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন। এই হেনস্থার কারণে তরুণী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিকারাবাদের এনটিআর চকে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের লোকজন ও আত্মীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা নাগাদ মৃত্যুর খবর পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোনের কল রেকর্ড, ডিজিটাল তথ্য ও চ্যাট খতিয়ে দেখে হেনস্থার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
