ঠেলাগাড়িতে সবজি বিক্রেতার নামে ৩১ লক্ষ টাকার জিএসটি নোটিশ, নেপথ্যে বড় প্রতারণা

ঠেলাগাড়িতে সবজি বিক্রি করে সংসার চালানো এক যুবকের নামে ৩১ লক্ষ টাকার জিএসটি নোটিশ আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুক্তভোগী ওয়াসিম জানিয়েছেন, গত ১২ নভেম্বর জিএসটি বিভাগ থেকে তাঁর কাছে একটি আইনি নোটিশ আসে। সেখানে দাবি করা হয়েছে, তাঁর নথিপত্র ব্যবহার করে প্রায় সাড়ে সাত কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়েছে এবং সেই বাবদ ৩০.৯২ লক্ষ টাকা কর বকেয়া রয়েছে। দিনমজুর ওয়াসিম এই বিপুল অঙ্কের লেনদেনের কথা শুনে স্তম্ভিত হয়ে পড়েন।
ঘটনার তদন্তে নেমে ওয়াসিম বুঝতে পারেন যে তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন। তিনি গুড়িয়াথাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে তিনি জানান, মাসখানেক আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। ভালো কাজের আশায় সরল বিশ্বাসে তিনি ওই ব্যক্তিদের হাতে নিজের প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং ফোনে আসা ওটিপি তুলে দিয়েছিলেন।
ওয়াসিমের অভিযোগ, সেই প্রতারক চক্রটিই তাঁর নথি হাতিয়ে নিয়ে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন চালিয়েছে। বর্তমানে এই বিপুল অঙ্কের করের নোটিশ পেয়ে দিশেহারা ওই যুবক। একজন সাধারণ সবজি বিক্রেতার নামে কীভাবে এই নোটিশ এল, তা খতিয়ে দেখার পাশাপাশি প্রতারকদের দ্রুত খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
