বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝে বৃষ্টির পূর্বাভাস বাংলায়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের দু-একটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার নাগাদ এই বৃষ্টির বিস্তার আরও বাড়বে এবং হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি ও উপকূলবর্তী জেলাগুলির বহু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
