হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা

সাপ্তাহিক ছুটির দিনে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজের জন্য হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এর ফলে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি, আরামবাগ, গোঘাট, পাণ্ডুয়া, আজিমগঞ্জ ও রামপুরহাট রুটে চলাচলকারী বহু লোকাল ট্রেন আজ বাতিল থাকবে। পাশাপাশি ৩৭৩৬৩ ও ৫৩০৫৩ নম্বর ট্রেন দুটিকে যাত্রাপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। রেলের তরফে যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে ট্রেনের পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
লোকাল ট্রেনের পাশাপাশি আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনেও পরিষেবা আংশিক ব্যাহত থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যান্য রবিবারের মতোই সকাল ৯টা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশে মেট্রো চলাচল শুরু হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পুরো রুটে মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক ছন্দে ফিরবে বলে জানানো হয়েছে। ছুটির দিনে ট্রেন ও মেট্রোর এই পরিবর্তিত সূচির কারণে শহর ও শহরতলির যাত্রীদের যাতায়াতে কিছুটা ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। রেল ও মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে এবং যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
