ছটপুজোর প্রসাদ খেয়ে ফেলায় চার বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

ছটপুজোর প্রসাদ খেয়ে ফেলার অপরাধে চার বছরের শিশুকন্যাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। রবিবার ছটপুজোর প্রস্তুতির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত রীনা কুমারী বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন, সেই সময় তার চার বছরের মেয়ে প্রসাদের কিছু অংশ খেয়ে ফেলে। এতেই ক্ষিপ্ত হয়ে মা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
মারধরের পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা পুজোর কাজে বাইরে ছিলেন এবং বাড়িতে মা ও শিশুকন্যা একাই ছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুটির বাবা রাজুর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রীনা কুমারীকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য শিশুটির দেহ পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত মায়ের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
