শীতের সকালে প্রাতরাশে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু কড়াইশুঁটির রুটি

শীতের মরশুমে প্রাতরাশে নতুনত্ব আনতে বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলা যায় নরম ও সুস্বাদু কড়াইশুঁটির রুটি। সাধারণ লুচি বা কচুরির তুলনায় এটি অনেক বেশি স্বাস্থ্যকর এবং তৈরি করাও বেশ সহজ। প্রথমে এক কাপ ফ্রেশ কড়াইশুঁটি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর মটরশুঁটিগুলো ভালো করে চটকে বা মিক্সারে পেস্ট করে নিন।
একটি বড় পাত্রে দেড় কাপ আটার সঙ্গে মটরশুঁটি বাটা, আধা চা-চামচ হলুদ গুঁড়ো, দু’চা-চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন এবং এক চা-চামচ তেল মিশিয়ে নিন। এবার অল্প অল্প হালকা গরম জল দিয়ে একটি মসৃণ ডো তৈরি করুন। ডো-এর ওপর সামান্য তেল মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট কাপড় দিয়ে ঢেকে রাখুন, এতে আটা ভালোভাবে সেট হয়ে যাবে।
এরপর ডো থেকে মাঝারি মাপের লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে গোল করে রুটি বেলে নিন। গরম চাটু বা নন-স্টিক প্যানে মাঝারি আঁচে রুটির দু’পাশ ভালো করে সেঁকে নিন। রুটি ফুলে উঠলে এবং হালকা বাদামি দাগ ধরলে নামিয়ে নিন। পরিবেশনের আগে রুটির ওপর সামান্য ঘি বা মাখন ব্রাশ করে নিতে পারেন। শীতের সকালে যেকোনো মরশুমি সবজি, ডাল বা রায়তার সঙ্গে এই গরম রুটি পরিবেশন করা যায়।
