সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা নাটক ‘প্রতারণা’ নিয়ে মঞ্চে ফিরছেন পৌলমী বসু

সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা নাটক ‘প্রতারণা’ নিয়ে মঞ্চে ফিরছেন পৌলমী বসু

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী স্মরণে আগামী ১৯ নভেম্বর কলকাতার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে তাঁরই লেখা ও রূপান্তরিত মনস্তাত্ত্বিক নাটক ‘প্রতারণা’। ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের ‘বিট্রেয়াল’ অবলম্বনে সৌমিত্রবাবু এই নাটকটি রচনা করেছিলেন। বাবার আসামাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে এই প্রযোজনার পরিচালনা, পোশাক পরিকল্পনা ও আবহ সংগীতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কন্যা পৌলমী বসু।

নাটকটির মূল উপজীব্য সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ এবং মানুষের মনের গোপন সত্য। পোলা, তাঁর স্বামী অরিন্দম এবং স্বামীর ঘনিষ্ঠ বন্ধু রজতের ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবর্তিত হয়েছে এই নাটক। এর বিশেষত্ব হলো এর আখ্যানশৈলী, যেখানে সময় এগিয়েছে উল্টো পথে। ২০০৬ সালের ঘটনার পরিণতি থেকে শুরু করে দর্শক ধীরে ধীরে সম্পর্কের সূচনালগ্নে পৌঁছে যান। অভিনয়ে পৌলমীর সঙ্গে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও পদ্মনাভ দাশগুপ্ত।

চলতি বছরের শুরুতে প্রথমবার মঞ্চস্থ হওয়ার পর নাটকটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। পৌলমী বসু জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে নাটকটি পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু নানা ব্যস্ততায় তা সম্ভব হয়নি। বাবার প্রয়াণ দিবস ১৫ নভেম্বর হলেও প্রেক্ষাগৃহের প্রাপ্যতার কারণে ১৯ নভেম্বর নাটকটি মঞ্চস্থ করা হচ্ছে। এর আগে পৌলমীর পরিচালনায় ‘জন্মান্তর’ ও ‘চন্দনপুরের চোর’-এর মতো নাটক মঞ্চস্থ হয়েছে। বাবার শিল্পঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাঁর এই প্রয়াসের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *