দক্ষিণ মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটের কুখ্যাত ভবন ভাঙার উদ্যোগ পুরসভার

দক্ষিণ মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটের কুখ্যাত ভবন ভাঙার উদ্যোগ পুরসভার

দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত ভেন্ডি বাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক হাজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানাটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে পুরসভা। রাস্তা প্রশস্ত করা এবং ঝুঁকিপূর্ণ ভবন সরানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার পরিকল্পনা অনুযায়ী, ভবনটির প্রথম তলার অবশিষ্ট ১০টি ঘর এবং নিচতলার একটি প্রার্থনাস্থল গুঁড়িয়ে দেওয়া হবে। তবে এই ভবনটির মালিকানা, ধর্মীয় স্থানের আইনি বৈধতা এবং স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়েছে।

১৯৩৯ সালে হজযাত্রীদের সাময়িক আশ্রয়ের উদ্দেশ্যে এই মুসাফিরখানাটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে এই ভবনটি মুম্বইয়ের অপরাধ জগতের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মুম্বই পুলিশের হেড কনস্টেবল ইব্রাহিম কাসকরের ছেলে দাউদ ইব্রাহিম এখানে বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে পুরো দ্বিতীয় তলার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। শৈশব ও কৈশোর কাটানোর পাশাপাশি এই ভবনটিই দাউদের অপরাধচক্র ‘ডি-কো ম্পা নি’র অন্যতম প্রধান অপারেশনাল সেন্টার হিসেবে ব্যবহৃত হতো।

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের শুরু পর্যন্ত এই বাড়ির কুখ্যাতি বাড়তে থাকে। তদন্তকারী সংস্থার নথিপত্র অনুযায়ী, ভবনটির দ্বিতীয় তলা জবরদস্তি দখল করে দাউদ নিজের অফিস ও অবৈধ কার্যকলাপ পরিচালনা করতেন। সেই সময় ভবনটির নিচতলায় ৩২টি বাণিজ্যিক দোকান এবং ওপরের তলায় ১৯টি আবাসিক ইউনিট ছিল। সরকারি নথিতে দাবি করা হয়েছে, দাউদ বা তাঁর পরিবারের নামে ভবনটির কোনো বৈধ মালিকানা বা নিবন্ধনের প্রমাণ নেই। আইনি স্বত্ব না থাকা সত্ত্বেও বেআইনি দখলের মাধ্যমেই এই জায়গার ওপর নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *