সাইবার হামলায় এআই-এর ব্যবহার বাড়ছে, সতর্কবার্তা গুগলের

গুগলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের কথা উঠে এসেছে। বিভিন্ন হ্যাকার গোষ্ঠী এখন সাইবার হামলার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি এবং একাধিক এআই এজেন্টের সমন্বয়ে তৈরি বিশেষ ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ডিজিটাল পরিকাঠামোয় হানা দেওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও বিপজ্জনক হয়ে উঠেছে। নিরাপত্তা সংস্থাগুলোর প্রকাশিত সফটওয়্যার প্যাচ বা সিকিউরিটি আপডেটের দুর্বলতা খুঁজে বের করতেও হ্যাকাররা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সাইবার অপরাধীরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ব্যবহার করে হামলার সময় কমিয়ে আনার পাশাপাশি এর পরিসরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ARTEX, CAIRN, CyberStrikeAI এবং PentAGI-র মতো মাল্টি-এজেন্টভিত্তিক আক্রমণাত্মক ফ্রেমওয়ার্কের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই ধরনের সিস্টেমে একাধিক এআই এজেন্ট নিজেদের মধ্যে কাজের সমন্বয় করে, যার ফলে খুব কম সময়ে নিখুঁত ও মারাত্মক সাইবার হামলা চালানো সম্ভব হচ্ছে।
গবেষকদের অনুমান, আগামী এক থেকে তিন মাসের মধ্যে এই প্রযুক্তি আরও উন্নত পর্যায়ে পৌঁছাবে, যেখানে হ্যাকারদের ন্যূনতম হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালানো সম্ভব হবে। পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে হ্যাকাররা ওপেন সোর্স এজেন্টিক পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্কে প্রবেশের পথ খুঁজছে। প্রযুক্তির এই অপব্যবহার সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন ও নজিরবিহীন সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
