স্পেসএক্সের নিজস্ব মোবাইল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা, প্রয়োজন হতে পারে বড় সেল টাওয়ার

স্পেসএক্স নিজস্ব মোবাইল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে বলে মনে করছে সিটি। সংস্থার সিএফও ব্রেট জনসনের সাম্প্রতিক মন্তব্যের ভিত্তিতে এই ধারণা করা হচ্ছে। স্পেসএক্স এমন এক ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে, যা প্রথাগত সেল টাওয়ারের ওপর কম নির্ভরশীল হবে। ফাইবার কানেকশনের পরিবর্তে স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশের মাধ্যমে নেটওয়ার্ক ট্রাফিক পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে ছোট সেল সাইটের মাধ্যমেই কার্যকরী নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হতে পারে।
তবে সিটির বিশ্লেষকদের মতে, শহর ও শহরতলির মতো জনবহুল এলাকায় বাড়ির ভেতরে ভালো কভারেজ এবং পর্যাপ্ত নেটওয়ার্ক ক্যাপাসিটি নিশ্চিত করতে স্পেসএক্সের এখনো প্রচুর ম্যাক্রো সেল সাইটের প্রয়োজন হবে। নিজস্ব নেটওয়ার্ক তৈরি করা, অন্য কোনো টেলিকম কো ম্পা নি অধিগ্রহণ করা অথবা এমভিএনও হিসেবে কাজ করার মতো বিভিন্ন বিকল্প স্পেসএক্সের সামনে খোলা রয়েছে। এর মধ্যে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করাকেই সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে দেখছে সিটি।
ওয়্যারলেস দুনিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে স্পেসএক্স সম্প্রতি গ্রেইন ম্যানেজমেন্টের কাছ থেকে ৮০০ মেগাহার্টজ ওয়্যারলেস স্পেকট্রাম লাইসেন্স কেনার চুক্তি করেছে। এই পদক্ষেপ স্টারলিঙ্ক মোবাইলের কভারেজ বাড়াতে সাহায্য করবে, বিশেষ করে যেসব জায়গায় সিগন্যাল দুর্বল। এর আগে জেপিমরগ্যানও জানিয়েছিল যে, আমেরিকার প্রতিষ্ঠিত টেলিকম সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে স্পেসএক্সকে বড় সেল টাওয়ার ব্যবহার করে গ্রাউন্ড-বেসড নেটওয়ার্ক তৈরি করতে হতে পারে। বর্তমানে শেয়ার বাজারেও স্পেসএক্স নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।
