বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত চালু হলো নতুন এসি ভলভো বাস পরিষেবা

বেলুড় মঠ, কামারপুকুর এবং জয়রামবাটির মতো গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থানগুলিতে যাতায়াতের সুবিধার্থে নতুন এসি ভলভো বাস পরিষেবা চালু করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠ এবং শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর দেশ-বিদেশের বহু ভক্ত ও পর্যটক এই পবিত্র স্থানগুলিতে ভ্রমণ করেন।
এতদিন এই তিনটি ঐতিহাসিক স্থানে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের একাধিক গাড়ি পরিবর্তনসহ নানা ধরনের ঝক্কি পোহাতে হতো। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং পরিবার নিয়ে তীর্থভ্রমণে আসা যাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত আরামদায়ক হবে।
একই রুটে তিনটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্র যুক্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে সংশ্লিষ্ট অঞ্চলে পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় সাধু-সন্ত ও ভক্তমহলে খুশির হাওয়া বইছে।
