স্টার জলসার ‘কুমকুম’ ধারাবাহিকে নতুন মোড়, কুমকুমকে বাঁচাতে মরিয়া ঈশান

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম’-এর সাম্প্রতিক প্রোমো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাচ্ছে, কুমকুমের প্রাক্তন স্বামী সুকুমার ফিরে এসে তার ওপর নানাভাবে জোর খাটানোর চেষ্টা করছে। সুকুমারের এই ষড়যন্ত্রের জেরে কুমকুমকে অপহরণ করে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়, যা গল্পের মোড়কে আরও নাটকীয় করে তুলেছে।
এই কঠিন পরিস্থিতিতে কুমকুমকে রক্ষা করতে আসরে নামে ঈশান। সে তার ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং গুণ্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। স্ত্রীকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে ঈশান মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত কুমকুমকে সেই বিপদ থেকে ঈশান নিরাপদে উদ্ধার করতে পারবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে রহস্য।
উল্লেখ্য, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় এবং অনুষ্কা দাস। আদৃত রায়কে এর আগে দর্শক ‘মিঠাই’ ধারাবাহিকে দেখেছেন, অন্যদিকে অনুষ্কার এটিই প্রথম কাজ। স্টার জলসায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত এই ধারাবাহিকের এই বিশেষ পর্বটি আগামী ১৯ ও ২০ নভেম্বর দেখা যাবে।
