দিল্লির বিরুদ্ধে বিধ্বংসী অর্ধশতরান, জাতীয় দলে ফেরার দাবি জোরালো করলেন শ্রেয়াঙ্কা পাটিল

সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে কর্নাটকের হয়ে মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন এই অলরাউন্ডার। ১২.১ ওভারে ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন চাপে ছিল, তখন ক্রিজে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে কর্নাটক নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যদিও শেষ পর্যন্ত দিল্লি ১৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
চলতি প্রতিযোগিতায় বল হাতেও সমানতালে নজর কাড়ছেন ২৩ বছর বয়সি শ্রেয়াঙ্কা। ন’টি ম্যাচে ২০টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। পাশাপাশি ব্যাট হাতে ৭১.৫০ গড়ে ১৪৩ রান করেছেন তিনি, যেখানে তাঁর স্ট্রাইক রেট ২০৪.২৮। এর আগে বিদর্ভের বিরুদ্ধেও ১৫ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের নির্বাচকদের কাছে নিজের দাবি জোরালো করছেন এই ক্রিকেটার।
২০২৩ এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের সদস্য ছিলেন শ্রেয়াঙ্কা। আসন্ন ইংল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি, একদিনের এবং মাল্টি ডে—তিনটি দলেই জায়গা পেয়েছেন তিনি। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিজে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে পাকাপাকি জায়গা করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।
