পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতা

পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতা

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারের ইতি টানলেন এই তারকা মিডফিল্ডার। ওভিডিওর জুভেন্তুদ এস্তাদিওর ড্রেসিংরুমে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উল্লেখ্য, মাত্র ১০ বছর বয়সে এই মাঠ থেকেই তাঁর ফুটবল যাত্রার সূচনা হয়েছিল।

রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে আসা মাতা ভ্যালেন্সিয়ার হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ২০১১ সালে চেলসিতে যোগ দেওয়ার পর তাঁর কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়। স্ট্যামফোর্ড ব্রিজে থাকাকালীন তিনি ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ এবং ২০১৩ সালে ইউরোপা লিগ জয়ের স্বাদ পান। এরপর ২০১৪ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় সাড়ে আট বছর কাটান। সেখানে ২৮৫টি ম্যাচ খেলে চারটি ট্রফি জেতেন তিনি। পরবর্তী সময়ে গালাতাসারাই এবং ভিসেল কোবের হয়েও লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাতা।

জাতীয় দলের জার্সিতেও মাতা ছিলেন অত্যন্ত সফল। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৮ ও ২০১২ সালের ইউরো কাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই মিডফিল্ডার। দেশের হয়ে ৪১টি ম্যাচে ১০টি গোল করেছেন তিনি। পেশাদার ফুটবলে ৭০০-এর বেশি ম্যাচ খেলে ১৫৮টি গোল এবং ১৭৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। ফুটবলার হিসেবে অবসর নিলেও মেলবোর্ন ভিক্টরির শেয়ারহোল্ডার এবং ফুটবল কমিটির সদস্য হিসেবে নতুন প্রশাসনিক ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *