মাধুরী দীক্ষিতকে চিনতেন না স্বামী শ্রীরাম নেনে, বিয়ের শুরুর দিকের মজার স্মৃতি শেয়ার করলেন চিকিৎসক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর স্বামী শ্রীরাম নেনের প্রথম পরিচয়ের গল্প বেশ চমকপ্রদ। পরিচালক ফারহা খানের একটি ইউটিউব ভ্লগে শ্রীরাম নেনে জানিয়েছেন, মাধুরীর সঙ্গে যখন তাঁর প্রথম আলাপ হয়, তখন তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকতেন। সেই সময়ে হিন্দি সিনেমা বা বলিউডের তারকাদের সম্পর্কে তাঁর বিশেষ কোনো ধারণা ছিল না। মূলত মারাঠি ভাষায় স্বচ্ছন্দ শ্রীরাম মাধুরীর আকাশছোঁয়া জনপ্রিয়তা সম্পর্কেও ছিলেন সম্পূর্ণ অজ্ঞ।
পরিচয়ের পর তাঁদের মধ্যে দ্রুত মানসিক সংযোগ তৈরি হয় এবং মাত্র তিন মাসের পরিচয়েই মাধুরীকে বিয়ের প্রস্তাব দেন শ্রীরাম। ১৯৯৯ সালের ১৭ অক্টোবর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর মাধুরীকে নিয়ে আমেরিকায় পাড়ি দেন শ্রীরাম। তবে তাঁদের বিয়ের রিসেপশন পার্টি নিয়ে শ্রীরামের স্মৃতি বেশ মজার। তিনি জানান, সেই হাই-প্রোফাইল অনুষ্ঠানে বলিউডের বহু তারকা উপস্থিত থাকলেও তিনি কাউকেই চিনতেন না।
শ্রীরামের কথায়, সেই জমকালো অনুষ্ঠানটি তাঁর কাছে আমেরিকান স্কুলের ‘প্রম নাইট’-এর মতো মনে হয়েছিল। অনুষ্ঠানে আসা অতিথিদের দেখে তিনি কেবল হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলেন। কিংবদন্তি অমিতাভ বচ্চন ছাড়া সেই সময় শাহরুখ খান বা সলমন খানের মতো মেগাস্টারদেরও তিনি চিনতেন না। দীর্ঘ সময় আমেরিকায় সংসার করার পর ২০১১ সালে দুই ছেলে অরিন ও রায়ানকে নিয়ে এই দম্পতি পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন।
