আজম খানের অন্তর্বর্তী জামিনে স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আজম খানের অন্তর্বর্তী জামিনে স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

অর্থ পাচার মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন আপাতত খারিজ করে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, আজম খান আপাতত অন্তর্বর্তী জামিনেই থাকবেন।

গত ১৭ নভেম্বর এলাহাবাদ হাইকোর্ট আজম খানকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। আদালত পর্যবেক্ষণ করেছিল যে, গ্রেপ্তারের সময় ইডি নিয়ম মেনে তাঁকে লিখিতভাবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছিল। জামিনের শর্ত হিসেবে আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ টাকার দু’জন জামিনদার জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মৌলানা মহম্মদ আলি জওহর ট্রাস্ট সংক্রান্ত অর্থ পাচারের মামলায় ৭৮ বছর বয়সি আজম খানকে রামপুর জেলা জেল থেকে পুনরায় গ্রেপ্তার করেছিল ইডি। এই ট্রাস্টের বিরুদ্ধে সরকারি তহবিলের অর্থ সরানোর অভিযোগ রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ইডির আবেদনটি আগামী বৃহস্পতিবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে জামিন স্থগিতের আর্জি খারিজ করার সময় আদালত মন্তব্য করে যে, এতে আকাশ ভেঙে পড়বে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *