পাঁচ দশকে প্রথমবার ভারতের কোনো রাজ্যে নেই বামপন্থী মুখ্যমন্ত্রী

ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো রাজ্যে বামপন্থী দলের কোনো মুখ্যমন্ত্রী নেই। কেরলে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের পরাজয়ের মধ্য দিয়ে বামেদের শেষ দুর্গটির পতন ঘটল। এর আগে ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে টানা ৩৪ বছর এবং ১৯৯৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরায় টানা ২৫ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল। কেরলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা ভেঙে ২০২১ সালে বিজয়ন সরকার ইতিহাস গড়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই রাজ্যের ক্ষমতাও হাতছাড়া হলো।
একসময় সিপিএম, সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের মতো দলগুলো জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ৫৯টি আসন জিতে বামপন্থীরা ইউপিএ-১ সরকারের ভাগ্যবিধাতা হয়ে উঠেছিল। তৎকালীন মনমোহন সিং সরকারের পরমাণু চুক্তি থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তে বামেদের অবস্থান ছিল রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তবে ২০০৯ সালের পর থেকেই বামেদের নির্বাচনী গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে।
২০০৪ সালে সিপিএমের একারই ৪৩ জন সাংসদ ছিল, যা ২০১৯ সালে এসে মাত্র পাঁচটিতে ঠেকে। বর্তমান লোকসভায় সিপিএম ও সিপিআই মিলিয়ে মোট আসন সংখ্যা ছয়। এর বাইরে বিহার থেকে সিপিআই(এমএল) লিবারেশনের দুজন প্রতিনিধি রয়েছেন। তবে বর্তমান সাংসদদের বড় অংশই অন্য দলের সমর্থনে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গ, কেরল ও ত্রিপুরার মতো একসময়ের শক্তিশালী ঘাঁটিগুলো থেকে সংসদীয় প্রতিনিধিত্ব কার্যত শূন্যের কোঠায় নেমে আসায় ভারতের সংসদীয় বামপন্থার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
