জগদ্ধাত্রী পুজোর নবমীতেও চন্দননগরে জনস্রোত, ভিড় সামলাতে তৎপর প্রশাসন

জগদ্ধাত্রী পুজোর নবমীতেও চন্দননগরে জনস্রোত, ভিড় সামলাতে তৎপর প্রশাসন

জগদ্ধাত্রী পুজোর নবমীতেও চন্দননগরের রাজপথে দর্শনার্থীদের ঢল অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ভিড় কার্যত জনস্রোতে পরিণত হয়। মানকুন্ডু স্টেশন রোড, তেমাথা, দৈবকপাড়া, নোনাটোলা, বারাসত গেট, দিনেমারডাঙা, মহাডাঙা, পালপাড়া ও ফটকগোড়ার মতো এলাকাগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আলোর শহর চন্দননগরের বিভিন্ন বারোয়ারি পুজোর থিম ও আলোকসজ্জা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন। গঙ্গাপারের ফেরিঘাটগুলিতেও একই রকম ভিড় দেখা গিয়েছে।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ষষ্ঠীতে প্রায় ১৮ লক্ষ, সপ্তমীতে ১২ লক্ষ এবং অষ্টমীতে ১০ লক্ষ দর্শনার্থী চন্দননগরে জগদ্ধাত্রী দর্শন করেছেন। নবমীতেও রাত পর্যন্ত প্রায় ১২ লক্ষ মানুষ পুজো মণ্ডপগুলিতে ভিড় করেছেন। ভিড় সামাল দিতে এবং নিরাপত্তার খাতিরে ষষ্ঠী ও সপ্তমীতে বেশ কিছু মণ্ডপে সাময়িকভাবে দর্শন বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনকে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়া এই পুজো উপলক্ষে প্রায় তিন হাজার পুলিশকর্মী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর রবীন্দ্র ভবনে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বিশেষ করে মানকুন্ডু স্টেশন রোড ও জনবহুল মণ্ডপগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। চাউলপট্টির ‘আদি মা’ পুজো কমিটির তথ্য অনুযায়ী, এ বছর দর্শনার্থীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে এবং সুশৃঙ্খলভাবে ঠাকুর দেখছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *