রাজ্য পুলিশে বড়সড় রদবদল: ৫০টি থানায় নতুন আইসি নিয়োগ

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের প্রায় ৫০টি থানার ইনস্পেক্টর ইনচার্জ বা আইসি পদে বদলি ও নতুন নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে। এই তালিকায় বাগুইহাটি, রানাঘাট, কোচবিহার কোতোয়ালি, বসিরহাট, বালুরঘাট ও ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ থানাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। নির্দেশ পাওয়ার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রদবদলের আওতায় বেশ কয়েকজন আধিকারিককে থানা থেকে সরিয়ে রাজ্য পুলিশের বিশেষ শাখা বা এসটিএফ, সিআইডি এবং ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফ ও সিআইডিতে কর্মরত কয়েকজন ইনস্পেক্টরকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বিধাননগর কমিশনারেটের বাগুইহাটি থানার নতুন আইসি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায় এবং রানাঘাট থানার দায়িত্ব পেয়েছেন দেবাশিস সরকার। এছাড়া হরিণঘাটার নতুন আইসি হয়েছেন প্রসেনজিৎ দত্ত এবং কোচবিহার কোতোয়ালি থানার দায়িত্ব পেয়েছেন সুখময় চক্রবর্তী।
উত্তরবঙ্গের থানাগুলিতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। মিরিক থেকে বসিরহাট থানায় পাঠানো হয়েছে নয়ন চক্রবর্তীকে এবং মিরিকের নতুন আইসি হয়েছেন ভূষণ ছেত্রী। ইসলামপুর থানার দায়িত্ব পেয়েছেন সিআইডির প্রসেনজিৎ বিশ্বাস। এছাড়া বালুরঘাট থানার নতুন আইসি হয়েছেন রজত শুভ্র দাস এবং রঘুনাথপুর থানার দায়িত্ব পেয়েছেন সুব্রত মালাকার। আসানসোল দক্ষিণ ও কুলটি থানাতেও নতুন আইসি নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
