ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ মিসাইল ব্যবহারের অভিযোগ মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে

মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ভারপ্রাপ্ত মার্কিন নৌসচিব হাং কাও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের সময় অস্ত্রভাণ্ডারে ঘাটতি মেটাতে ব্যবহারের অনুপযুক্ত বা মেয়াদোত্তীর্ণ কিছু ক্ষেপণাস্ত্রের অপারেশন কোড পরিবর্তন করে সেগুলিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এই অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের প্রথম চার সপ্তাহেই ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করায় মার্কিন অস্ত্রভাণ্ডারে টান পড়েছিল। পরবর্তীতে এই সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যায়। বিপুল চাহিদার জোগান দিতেই পেন্টাগন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। নৌসচিব এই প্রক্রিয়াটিকে বাসি পাউরুটিকে খাওয়ার উপযোগী করে তোলার সঙ্গে তুলনা করলেও, ঠিক কতগুলি মেয়াদোত্তীর্ণ মিসাইল ব্যবহার করা হয়েছে বা সেগুলির যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি।
রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন সংরক্ষিত গোলাবারুদের রাসায়নিক গুণমান ও ইলেকট্রনিক যন্ত্রাংশের অবনতি ঘটার সম্ভাবনা থাকে। টমাহকের মতো নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে প্রপালশন সিস্টেম বা নেভিগেশন প্রযুক্তির সামান্য ত্রুটিও বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। নিয়ম অনুযায়ী, টমাহক মিসাইলের প্রতি ১৫ বছর অন্তর সংস্কার বাধ্যতামূলক হলেও, জরুরি পরিস্থিতিতে শুধুমাত্র কোড বদলে মেয়াদোত্তীর্ণ মিসাইল ব্যবহারের এই ঘটনা পেন্টাগনের নিরাপত্তা নীতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
