বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১৫টি ইঞ্জিন

কলকাতার বালিগঞ্জ এলাকার পাম অ্যাভিনিউয়ে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত পাশের ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী।
বস্তির ঘরগুলির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এই সময় একটি বিকট শব্দ শোনা যায়, যা সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে ঘরগুলিতে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং ঘরগুলির মধ্যে দূরত্ব কম থাকায় আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি বিপদ কাটেনি বলে মনে করছেন দমকল আধিকারিকরা। বর্তমানে বিভিন্ন জায়গায় থাকা পকেট ফায়ার নেভানোর কাজ এখনও চলছে।
