গ্যাস বা ক্লান্তি কি হার্টের সমস্যার লক্ষণ? জেনে নিন সতর্ক হওয়ার উপায়

হার্টের রোগ সবসময় তীব্র বুকে ব্যথার মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় এর লক্ষণগুলো মৃদু হয়, যা সাধারণ শারীরিক সমস্যা বা ক্লান্তি বলে মনে হতে পারে। করোনারি আর্টারি ডিজিজের মতো সমস্যায় ধমনীতে প্লাক জমে রক্ত চলাচল ব্যাহত হলে বুকে অস্বস্তি ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। শারীরিক পরিশ্রমের সময় এই সমস্যাগুলো বৃদ্ধি পায় এবং বিশ্রামে কিছুটা কমে। তাই বারবার বা কারণহীন অস্বস্তি হলে তা অবহেলা করা উচিত নয়।
হার্টের সমস্যার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকে চাপ, দমবন্ধ ভাব বা জ্বালাপোড়া, যা অনেক সময় বদহজমের মতো মনে হয়। এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পরেও অস্বাভাবিক ক্লান্তি, সিঁড়ি ভাঙলে বা অল্প হাঁটলে শ্বাসকষ্ট হওয়া, এবং হাত, চোয়াল, পিঠ বা পেটের ওপরের অংশে ব্যথা হওয়া হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে। বমি বমি ভাব, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও কার্ডিওভাসকুলার সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো বেশি প্রকট হয়।
শারীরিক ক্ষমতার হঠাৎ পরিবর্তন, যেমন আগে অনায়াসে করা কাজ এখন করতে কষ্ট হওয়া, হার্টের পাম্পিং ক্ষমতার সমস্যার ইঙ্গিত হতে পারে। বুকে চাপ, ঘাম, শ্বাসকষ্ট বা ব্যথা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি-তীব্রতার অ্যারোবিক ব্যায়ামের পরামর্শ দেয়। তবে নতুন কোনো রুটিন শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বিশেষ করে যদি আগে থেকেই হার্টের কোনো সমস্যা থাকে।
