২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে গত কয়েক বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে দরিদ্রদের জন্য নিবেদিত থাকার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানান, গত দশ বছরে দেশের ৫০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
বৈঠকে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রকের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সেপ্টেম্বর মাসের পর থেকে নেওয়া প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলো যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রকের কাজের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও তিনি জোর দিয়েছেন।
মাওবাদী প্রভাবমুক্ত অঞ্চলগুলোর সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই এলাকাগুলোর উন্নয়নে সব মন্ত্রককে বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রীদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ২০৪৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের রোডম্যাপ তৈরির ওপর এই বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে।
