২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, পূর্বাভাস পিউ রিসার্চের

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বেড়ে ২.৫৭ বিলিয়নে পৌঁছাতে পারে, যা খ্রিস্টান জনসংখ্যার চেয়ে বেশি হবে। ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.২৭ বিলিয়ন এবং মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.০২ বিলিয়ন। ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলমানের সংখ্যা ৩.৬ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গবেষণা অনুযায়ী, এই পরিবর্তনের মূল কারণ হলো জন্মহারের পার্থক্য। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় জন্মহার ছিল প্রতি নারী পিছু ৩.১টি সন্তান, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫টি। অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার ১.৬, যা প্রজন্মের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ২.১ হারের চেয়ে কম। ধর্মান্তরের চেয়ে জন্মহারের এই পার্থক্যই জনসংখ্যা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে।
আগামী দশকগুলোতে বিশ্ব জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে আফ্রিকার সাহারা-নিম্ন অঞ্চলে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিস্টান এই অঞ্চলে বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ হ্রাস পেতে পারে। এছাড়া ২০৭০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা থাকবে পাকিস্তানে। বর্তমানে ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা থাকলেও ভবিষ্যতে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া এই তালিকায় শীর্ষস্থানে থাকবে।
অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেলেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ হ্রাস পেতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা সামগ্রিক ও অনুপাত উভয় দিক থেকেই কমার সম্ভাবনা রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে জনসংখ্যা হ্রাসের পূর্বাভাসকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত নয় এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেখানে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
