নভেম্বরের শেষে ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক আওয়ামী লিগের

নভেম্বর মাস জুড়ে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লিগ। দলের পক্ষ থেকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার কর্মসূচিকে কেন্দ্র করে দলের অন্দরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ডিসেম্বরেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই সংক্রান্ত কর্মসূচি মাস শেষে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও দেশের ১৬টি জেলায় হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত ছিল। পুলিশের দাবি, আওয়ামী লিগ ধারাবাহিকভাবে বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে যুক্ত রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে বিএনপিও আওয়ামী লিগের বিরুদ্ধে পাল্টা পথে নেমেছে। এদিন একাধিক আওয়ামী লিগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করে সন্ধ্যায় কলকাতায় দলের নেতৃত্ব পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করেছেন।
