আমেরিকায় দেউলিয়া সুরক্ষার আবেদন কেএফসি ফ্র্যাঞ্চাইজির, বন্ধ হচ্ছে একাধিক শাখা

আমেরিকার টেক্সাস-ভিত্তিক একটি কেএফসি ফ্র্যাঞ্চাইজি সংস্থা দেউলিয়া সুরক্ষার জন্য চ্যাপ্টার ১১-এর অধীনে আবেদন জানিয়েছে। এই সংস্থাটি আমেরিকার ১০টি প্রদেশে মোট ৮৪টি রেস্তোরাঁ পরিচালনা করে, যার মধ্যে ৭৫টি কেএফসি এবং ৯টি যৌথ কেএফসি ও টাকো বেল আউটলেট রয়েছে। আর্থিক সংকটের কারণে সংস্থাটি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে।
সংস্থাটির বিক্রিতে ভাটা পড়ার পাশাপাশি কাঁচামাল, কর্মীদের বেতন, পরিচালনা এবং ভাড়ার খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত অনুযায়ী রেস্তোরাঁগুলোর আধুনিকীকরণ ও সংস্কারের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, যা বহন করা সংস্থার পক্ষে আসাম্ভব হয়ে পড়ে। এই আর্থিক চাপের কারণেই ২০২৬ সালের শুরু থেকে বিভিন্ন প্রদেশে একাধিক শাখা বন্ধ করা হয়েছে এবং আরও বেশ কিছু আউটলেটের লিজ বাতিল বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আদালতের তত্ত্বাবধানে বর্তমানে সম্পত্তি ও আউটলেট বিক্রির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে এই সংকটের প্রভাব শুধুমাত্র আমেরিকার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতে এর কোনো প্রভাব পড়বে না বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। আচমকা আউটলেট বন্ধের ফলে ব্র্যান্ডের উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, দেউলিয়া সুরক্ষা প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
