ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকূল অতিক্রম করার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে, তবে দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সাত ডিগ্রি কম।
