কানাডায় মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে আড়াই লক্ষ ডলার পুরস্কার

কানাডার উইনিপেগ পুলিশ গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং করণবীর সিংকে মোস্ট ওয়ান্টেড পলাতক হিসেবে ঘোষণা করেছে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর উইনিপেগের হ্যাজেলটন ড্রাইভের একটি বাসভবনে সুখদুল সিং গিল নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এই দুইজনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আড়াই লক্ষ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে যে, অভিযুক্তরা সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষকে তাদের দেখলে সরাসরি কোনো পদক্ষেপ না নিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ম্যানিটোবা জাস্টিসের সহায়তায় এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে, তবে দীর্ঘ প্রচেষ্টার পরেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গোল্ডি ব্রার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং ভারত, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হিসেবেও তার নাম উঠে এসেছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই ব্রারকে তাদের শীর্ষ দশ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায় অন্তর্ভুক্ত করে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। বর্তমানে তিন দেশের আইন প্রয়োগকারী সংস্থার নজরে রয়েছেন এই গ্যাংস্টার।
