ইরান ইস্যুতে তাড়াহুড়ো নয়, পরিস্থিতির ওপর নজর ট্রাম্পের

ইরান ইস্যুতে তাড়াহুড়ো নয়, পরিস্থিতির ওপর নজর ট্রাম্পের

ইরান সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা পর্যবেক্ষণ করাই এখন তার লক্ষ্য। চিনে এপেক সম্মেলনে অংশ নিয়ে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রমাগত চাপের মুখে ট্রাম্পের এই অবস্থানকে কূটনৈতিক ও সামরিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি ওয়াশিংটন। সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনা, বিশেষ করে পিকঅ্যাক্স মাউন্টেন কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং সামরিক ও অসামরিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। তবে এই ধরনের পদক্ষেপের ফলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোর ওপর ইরানের পাল্টা আক্রমণের আশঙ্কা নিয়ে পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে বিস্তারিত মূল্যায়ন চেয়েছে হোয়াইট হাউস।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়াতে সক্রিয় হয়েছে ইজরায়েল। সম্প্রতি নেতানিয়াহুর ঘনিষ্ঠ মোসাদ প্রধান রোমান গফম্যান ওয়াশিংটন ও মায়ামিতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের রাসায়নিক অস্ত্র সংক্রান্ত তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইজরায়েল। তাদের দাবি, তেহরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। এই নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে বলে মার্কিন আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *