সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলা, ক্ষতিগ্রস্ত পরিকাঠামো

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ও সন্ধ্যায় রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি আর্থিক কেন্দ্রে এই হামলা চালানো হয়। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটি এবং রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার দাবি করেছে তারা।
ইয়েমেনে সৌদি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে হুথিরা জানিয়েছে। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের লাহজ প্রদেশে বেসামরিক নাগরিকদের বহনকারী নৌকায় হামলার অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি সৌদি আরবে বিনিয়োগকারী বিদেশি সংস্থাগুলিকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি গোষ্ঠী। ভবিষ্যতে সৌদি আরবের অর্থনৈতিক পরিকাঠামোকে লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে বলেও তারা হুমকি দিয়েছে।
সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াধের আর্থিক এলাকার একটি বহুতলের একাধিক তলা এবং আশপাশের কয়েকটি ভবন হুথি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে এবং ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ করে আসছে।
