হ্যামিল্টনগঞ্জের মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান ও বসতবাড়ি

হ্যামিল্টনগঞ্জের মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান ও বসতবাড়ি

হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক কালীপুজোর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলা চত্বরে অবস্থিত আরএসপি কার্যালয় থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। বাতাসের গতি এবং দাহ্য সামগ্রী মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামগ্রী বের করার সুযোগটুকুও পাননি।

খবর পেয়েই হ্যামিল্টনগঞ্জ ও হাসিমারা দমকল বিভাগের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেলা কমিটির সম্পাদক অলোক মিত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আরএসপি কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পাশাপাশি মেলার সাতটি স্টল এবং একটি বসতবাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা ২২ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। মেলার শেষ পর্যায়ে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডে উৎসবের আবহে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *