ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, সোমবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে।
আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তাপমাত্রার ক্ষেত্রে সোমবার পর্যন্ত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং শীতের আমেজ বজায় থাকবে। নতুন সপ্তাহে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়েনি। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
