কুনো জাতীয় উদ্যানে বতসোয়ানা থেকে আসা চিতার ৪ শাবকের জন্ম

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বতসোয়ানা থেকে আনা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ঘেরাটোপের বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে টানা চার মাসেরও বেশি সময় কাটানোর পর উন্মুক্ত জঙ্গলেই শাবকদের জন্ম দিয়েছে ওই চিতাটি। ২০২২ সালে প্রজেক্ট চিতা শুরুর পর থেকে খোলা জঙ্গলে চিতার প্রসবের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে চলতি বছরের ১১ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা গামিনী কুনোর খোলা বনাঞ্চলে চারটি শাবকের জন্ম দিয়েছিল।
ভারতের মাটিতে জন্মানো দ্বিতীয় প্রজন্মের চিতার খোলা জঙ্গলে বংশবিস্তারের ক্ষেত্রে এটি একটি বড় নজির। নতুন এই চার শাবক নিয়ে বর্তমানে দেশে মোট ৬২টি চিতার মধ্যে ৪৩টিরই জন্ম হয়েছে ভারতের মাটিতে। পরিবেশবিদদের মতে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে চিতারা এ দেশের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং বংশবিস্তারে সক্ষম হয়েছে। ১৯৫২ সালে ভারত থেকে চিতা বিলুপ্ত হওয়ার পর দীর্ঘ সাত দশক বাদে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রজেক্ট চিতার সূচনা হয়।
বিশ্বের দ্রুততম এই স্থলচর প্রাণীটিকে এ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২২ সালে নামিবিয়া থেকে আটটি এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা আনা হয়েছিল। সবশেষে ২০২৬ সালে বতসোয়ানা থেকে আরও নয়টি চিতা আনা হয়। আপাতত মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানই এই চিতাদের প্রধান ঠিকানা হলেও, ভবিষ্যতে দেশের অন্যান্য উপযুক্ত বনাঞ্চলেও এদের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নতুন এই শাবকদের জন্ম ভারতের চিতা সংরক্ষণ প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল।
