কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকায় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ঘোষণা করা হলো বড় অঙ্কের পুরস্কার

কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকায় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ঘোষণা করা হলো বড় অঙ্কের পুরস্কার

কানাডার মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় নাম যুক্ত হলো গ্যাংস্টার সতীন্দরজিৎ সিংহ ওরফে গোল্ডি ব্রারের। কানাডার প্রশাসন তাঁর মাথার দাম প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টাকা ধার্য করেছে। ২০২৩ সালে উইনিপেগে সুখডুল সিংহ গিল ওরফে সুখা দুনেকে হত্যার ঘটনায় গোল্ডির নাম উঠে আসে। ওই বছরের সেপ্টেম্বর মাসে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গিলের। এই ঘটনার তদন্তে গোল্ডির সংশ্লিষ্টতা পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপন করে রয়েছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

তদন্তকারীদের অনুমান, কানাডা ছেড়ে বর্তমানে আমেরিকায় আশ্রয় নিয়ে থাকতে পারেন গোল্ডি। শুধু কানাডা নয়, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছেও তিনি দীর্ঘদিন ধরে ওয়ান্টেড। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এফবিআই তাঁকে আমেরিকার ১০ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করে। তাঁর খোঁজ দিতে পারলে ১ লক্ষ মার্কিন ডলার বা প্রায় ৯৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

তোলাবাজি, অপহরণ, মাদক কারবার এবং অস্ত্র পাচারের মতো একাধিক গুরুতর অপরাধে বিভিন্ন দেশে গোল্ডির বিরুদ্ধে মামলা রয়েছে। আমেরিকা ও কানাডার পাশাপাশি আরও কয়েকটি দেশের তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন তিনি। দুই দেশের গোয়েন্দা ও পুলিশি তৎপরতার মধ্যে কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ওঠায় গোল্ডি ব্রারকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত আরও জোরদার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *