১৯৮৪ সালে নিখোঁজ লরা ব্র্যাডবেরি হওয়ার দাবি এক মহিলার, ডিএনএ পরীক্ষায় অনীহা

১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার জোশুয়া ট্রি ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় তিন বছর বয়সী লরা অ্যান ব্র্যাডবেরি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সেই সময় ব্যাপক তল্লাশি চালানো হলেও লরার কোনো সন্ধান মেলেনি। ঘটনার দুই বছর পর, ১৯৮৬ সালে ক্যাম্প সাইটের কাছে একটি শিশুর মাথার খুলির টুকরো পাওয়া যায়। ফরেনসিক পরীক্ষায় সেই দেহাবশেষ লরার হওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা নিশ্চিত করা হয়েছিল। তবে ব্র্যাডবেরি পরিবার দীর্ঘ সময় ধরে এই সত্য মেনে নিতে পারেনি।
সম্প্রতি সিন্ডি রে এন্ডার্স নামে এক মহিলা নিজেকে লরা বলে দাবি করে ব্র্যাডবেরি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। ওই মহিলার দাবি, তার শৈশবের কিছু স্মৃতি ১৯৮৪ সালের সেই ঘটনার সঙ্গে মিলে যায়। তিনি দাবি করেন, তাকে এক ব্যক্তি নীল ভ্যানে করে নিয়ে গিয়েছিল। এমনকি তার পায়ে লরার নাম ও জন্মসাল সম্বলিত ট্যাটুও রয়েছে। এন্ডার্স লরার বাবা মাইক ব্র্যাডবেরিকে নিজের বাবা হিসেবে সম্বোধন করেছেন।
এই দাবি ঘিরে পরিবারে নতুন করে অস্বস্তি ও মানসিক টানাপোড়েন তৈরি হয়েছে। লরার বোন এমিলি জানিয়েছেন, বারবার এই ধরনের ঘটনা তাদের পুরনো ক্ষতকে তাজা করে তুলছে। এন্ডার্সকে একাধিকবার তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেও দেখা গেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার অনুরোধ করা হলেও, ওই মহিলা বারবার তা প্রত্যাখ্যান করেছেন। ফলে দীর্ঘ চার দশক আগের এই রহস্যের কোনো সুরাহা এখনও হয়নি।
