উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের প্রক্রিয়া জানাল সংসদ

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া ঘোষণা করেছে। ফল ঘোষণার দিন দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা সংসদের নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল ও মার্কশিট দেখতে পারবেন। পরীক্ষার্থীরা wbchse.wb.gov.in এবং result.wb.gov.in ওয়েবসাইট দুটিতে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন। এছাড়া গুগল প্লে স্টোর থেকে ‘WBCHSE Results’ অ্যাপ ডাউনলোড করেও মার্কশিট দেখা ও ডাউনলোড করা সম্ভব হবে।
পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট স্কুলগুলিও তাদের পড়ুয়াদের সামগ্রিক ফলাফল জানতে পারবে। স্কুল কর্তৃপক্ষ সংসদের নির্দিষ্ট পোর্টালে নিজেদের লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিটি পরীক্ষার্থীর ফলাফল আলাদাভাবে দেখতে পারবেন এবং সমস্ত পড়ুয়ার ফলাফলের সারসংক্ষেপ ডাউনলোড করতে পারবেন। সম্প্রতি সংসদের ওয়েবসাইটে এই পরীক্ষার চূড়ান্ত ‘অ্যানসার কি’ বা উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের মোট ৮২৫টি ভেন্যুর অধীনে ২,১০৫টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এ বছর পরীক্ষায় মোট ৭,১৮,৪৬৭ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ৩,১৫,৬৬১ জন ছাত্র এবং ৪,০২,৮০৬ জন ছাত্রী রয়েছেন।
