আরজি কর কাণ্ডে সিবিআইয়ের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, চাইল বিস্তারিত তথ্য

আরজি কর কাণ্ডে সিবিআইয়ের জমা দেওয়া আগের রিপোর্টে সন্তোষ প্রকাশ করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকারের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থার রিপোর্টে প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর প্রমাণ লোপাটের অভিযোগগুলিকেও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। ১৪ অগস্টের ঘটনার প্রেক্ষিতে সিবিআই কী কী পদক্ষেপ করেছে এবং তদন্তে ঠিক কী উঠে এসেছে, তা বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে ঘিরে ওঠা যাবতীয় অভিযোগ সিবিআইকে তাদের তদন্তের আওতায় আনতে হবে। মূল ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি পরবর্তী সময়ে প্রমাণ লোপাটের অভিযোগগুলিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খতিয়ে দেখতে হবে। এর আগে ১ অক্টোবর হাইকোর্ট রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময় আদালত প্রশ্ন তুলেছিল, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশ কেন নতুন করে এফআইআর করল।
মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর ধার্য করা হয়েছে। এর আগে ব্যারাকপুর আদালত থেকে মামলার সমস্ত নথি শিয়ালদহ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্যাতিতার পরিবারের আইনজীবীরা দাবি করেছেন, নতুন এফআইআরে চার জনের যুক্ত থাকার অভিযোগ থাকলেও সিবিআই সেই দিকটি খতিয়ে দেখেনি। সব মিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত এখন নতুন করে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
