রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে কংগ্রেস, চাপে বিজেপি

রাজস্থানের ৩৭টি জেলায় ১ হাজার ২৭৫টি জেলা পরিষদ এবং ৭ হাজার ৫৪৩টি পঞ্চায়েত সমিতি ওয়ার্ডের ভোটগণনা চলছে। দুপুর পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ২ হাজার ৪৪০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ১ হাজার ৪৮৮টি আসনে। জেলা পরিষদের লড়াইয়েও কংগ্রেস ৬২টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি ২৫টি আসনে লিড পেয়েছে। এই ফলাফল শাসকদল বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি করেছে।
সিকার জেলার অজিতগড় পঞ্চায়েত সমিতিতে ১৭টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে কংগ্রেস। এই জেলায় নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খারার স্ত্রী শান্তি দেবী কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এছাড়া সিকার জেলা পরিষদে কংগ্রেস ১৮টি এবং বিজেপি ১৬টি আসনে এগিয়ে রয়েছে। তবে পিপারালি পঞ্চায়েত সমিতির ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বাবু সিং জয়ী হয়ে দলের মুখরক্ষা করেছেন।
চুরু জেলা পরিষদেও কংগ্রেস এগিয়ে রয়েছে। মোট ৩৯টি আসনের মধ্যে কংগ্রেস ২১টিতে জয়ী হয়েছে, যেখানে বিজেপি ১৭টি আসনে জয় পেয়েছে। নাগৌর জেলার দেগানা পঞ্চায়েত সমিতিতে ২৩টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে জিতে কংগ্রেস নিজেদের দখল বজায় রেখেছে। অন্যদিকে, জয়পুর জেলা পরিষদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেখানে বিজেপি ২৫টি এবং কংগ্রেস ২২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
